লক্ষ্মীপুরে একটি বিয়ের অনুষ্ঠানে খাওয়ার টেবিলে বসাকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার টুমচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড় বাড়ির মো. হারুনের বাড়িতে এই অপ্রীতিকর ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন- ইব্রাহিম খলিল, মো. অনিক, মেহেদী হাসান আনন্দ, মো. রানা, মো. ইয়ামিন, মো. সামজিদ ও মো. শাহ আলম। তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভবানীগঞ্জ ইউনিয়নের আনোয়ার হোসেনের মেয়ে ছামিয়া আক্তারের সঙ্গে টুমচর ইউনিয়নের ফারুক হোসেনের বিয়ে সম্পন্ন হয়। শনিবার বরপক্ষের বাড়িতে বিবাহোত্তর ভোজের আয়োজন ছিল। দুপুরে কনেপক্ষের লোকজন সেখানে গেলে খাওয়ার টেবিলে বসা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময় থেকে হাতাহাতি ও পরে তা সংঘর্ষে রূপ নেয়। কনেপক্ষের অভিযোগ, খাওয়ার সময় বরপক্ষের লোকজন চেয়ার দখল করে দাঁড়িয়ে থাকায় উত্তেজনার সৃষ্টি হয় এবং একপর্যায়ে লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এ সময় কনেপক্ষের একটি মাইক্রোবাস ভাঙচুরের ঘটনাও ঘটে।
এ বিষয়ে ভবানীগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শাহ আলম জানান, সামান্য কথা-কাটাকাটির জেরে মারামারির সূত্রপাত হয়। তবে বরপক্ষের কেউ এ নিয়ে কথা বলতে রাজি হননি।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, বিয়েবাড়িতে মারামারির খবর তারা পেয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডিবিসি/পিআরএএন