লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতে লিমা আক্তার (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের সাতদরুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমা হাজিরহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আব্দুর রব হাওলাদার বাড়ির ইউছুফ আলী খোকনের মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের খেতে পরিবারের সদস্যরা সয়াবিন কাটার কাজ করছিলেন। এ সময় লিমা তাদের দেখতে গিয়ে খেতে বসে ছিল। দুপুরের দিকে হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে হঠাৎ বজ্রপাত হলে লিমা গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজনরা দ্রুত তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা গেছে, লিমা একজন কোরআনের হাফেজা ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিবিসি/ এইচএপি