বগুড়ায় মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে অপর একটি ট্রাকের ধাক্কায় বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। রবিবার (৯ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনের উড়ালসড়কে (ফ্লাইওভার) এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন পেশায় ইঞ্জিন মিস্ত্রি তাপস সরকার ও তার ছেলে তীব্র সরকার। নিহত অপর ব্যক্তি ট্রাকের চালক, তবে তাৎক্ষণিকভাবে তার নাম জানা যায়নি। নিহতদের মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বগুড়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনজুর মোর্শেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জয়পুরহাটগামী মালামাল বোঝাই একটি ট্রাক ওই উড়ালসড়কের ওপর বিকল হয়ে পড়ে। রবিবার সকালে ইঞ্জিন মিস্ত্রি তাপস ও তীব্র ট্রাকটি মেরামতের কাজ করছিলেন। এমন সময় পেছন থেকে আসা অপর একটি পণ্যবাহী ট্রাক বিকল ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক মেরামতরত অবস্থায় ঘটনাস্থলেই ওই বাবা ও ছেলের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিকল ট্রাকের কেবিনে থাকা চালকসহ অন্যদের উদ্ধার করে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে ওই চালকের মৃত্যু হয়। এ দুর্ঘটনার পর উড়ালসড়কের ওপর দিয়ে যান চলাচল বন্ধ থাকলেও নিচ দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ডিবিসি/পিআরএএন