ব্রাজিলের তারকা মিডফিল্ডার কাসেমিরোর নামের বানান তার খেলোয়াড়ি জীবনের শুরু থেকেই ভুল লেখা হয়ে আসছে। তবে নিছক কুসংস্কারের বশেই তিনি কখনও এই ভুল সংশোধন করেননি। সম্প্রতি তিনি জানিয়েছেন, সাও পাওলোতে খেলার সময় জার্সিতে একবার নামের বানান ভুল ছাপানো হয়েছিল, যা পরে রিয়াল মাদ্রিদ, ব্রাজিল জাতীয় দল এবং ম্যানচেস্টার ইউনাইটেড পর্যন্ত তার ক্যারিয়ারের স্থায়ী পরিচয়ে পরিণত হয়।
কাসেমিরোর আসল নাম কার্লোস হেনরিক জোসে ফ্রান্সিসকো ভেনানসিও কাসিমিরো (Casimiro)। তিনি জানান, ২০০২ থেকে ২০১৩ সাল পর্যন্ত সাও পাওলো ক্লাবে বয়সভিত্তিক পর্যায় থেকে শুরু করে মূল দলে খেলেছেন তিনি। শুরুর দিকের একটি ম্যাচে ক্লাব কর্তৃপক্ষ ভুল করে তার জার্সিতে 'কাসিমিরো'র বদলে 'ই' (e) যুক্ত করে 'কাসেমিরো' (Casemiro) ছাপিয়েছিল। ওই নির্দিষ্ট ম্যাচে তিনি অসাধারণ পারফর্ম করেছিলেন।
ইতালীয় সংবাদমাধ্যম ‘লা রিপাবলিকা’কে দেওয়া এক সাক্ষাৎকারে এই তারকা ফুটবলার বলেন, সবার কাছে তিনি সব সময়ই কাসেমিরো হয়ে থাকবেন এবং এর পুরোটাই সাও পাওলোর দোষ। নিজেকে অত্যন্ত কুসংস্কারাচ্ছন্ন ব্যক্তি হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, সেদিনের দারুণ পারফরম্যান্সের পর তিনি ক্লাবকে নামের বানান পরিবর্তন করতে নিষেধ করেছিলেন, কারণ সবকিছু তার পক্ষে ভালোই চলছিল। মাত্র এক ম্যাচের সেই ভুলটিই এখন তিনি চিরজীবনের জন্য নিজের নামের সঙ্গে বয়ে বেড়াচ্ছেন।
সূত্র: গোল.কম
ডিবিসি/এফএইচআর