সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়ী বার্তা হিসেবে ‘খোদা হাফেজ, জামায়াতে ইসলামী’ লিখে দল ছাড়লেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সাবেক রুকন ও বরিশাল ইসলামিক ল'ইয়ার্স কাউন্সিলের সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করে তিনি যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি)।
বৃহস্পতিবার (৯ জুলাই) এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং সদস্যসচিব আখতার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যাডভোকেট জাকির হোসেনকে জাতীয় নাগরিক পার্টির বরিশাল মহানগর কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
দল পরিবর্তনের বিষয়ে জানা যায়, এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায় বার্তা দেওয়ার পরপরই তিনি জামায়াতে ইসলামীর আমিরের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও সাংগঠনিক কারণের কথা উল্লেখ করেছেন। যদিও দীর্ঘদিন ধরেই বরিশালের রাজনৈতিক অঙ্গনে তাঁর দলত্যাগের বিষয়টি নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল।
অ্যাডভোকেট জাকির হোসেনের আদি বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া গ্রামে। ছাত্রজীবনে তিনি সরকারি সুন্দরবন কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে উত্তরা ইউনিভার্সিটি থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করে তিনি আইন পেশায় মনোনিবেশ করেন।
জামায়াতে ইসলামীর মতো একটি শক্তিশালী রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেড়ে নতুন রাজনৈতিক ধারায় জাকির হোসেনের এমন যোগদান বরিশালের স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তাঁর এই পদক্ষেপে স্থানীয় রাজনৈতিক সমীকরণে কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
ডিবিসি/এমএনকে