ভারত

‘জয় বাংলা’ স্লোগান দিলে ছাড় দেওয়া হবে না: শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যারা এখনো বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। শনিবার (১৬ মে) রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনী প্রচারের এক জনসভায় তিনি এই মন্তব্য করেন। সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সরকারের সমালোচনা করে তিনি জানান, তাঁর সরকার ক্ষমতায় আসার মাত্র আট দিনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

জনসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিয়ে বলেন, প্রধানমন্ত্রীর আবাস যোজনা, আম্ফানের ত্রাণ, পিএম কৃষাণ সম্মান নিধি, কৃষক বন্ধু, বার্ধক্য ও বিধবা ভাতা, শৌচালয় কিংবা ১০০ দিনের কাজের মতো সরকারি প্রকল্পে যদি কেউ ঘুষ নিয়ে থাকে, তবে সুনির্দিষ্ট নথিসহ অভিযোগ পেলেই দোষীদের সরাসরি জেলে পোরা হবে। এর পাশাপাশি নারী ও শিশুদের ওপর শারীরিক নির্যাতনকারীদের এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি। রাজ্যে এ পর্যন্ত ৩২১ জন বিজেপি কর্মী শহিদ হয়েছেন উল্লেখ করে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দেন যে, শহীদ পরিবারের ১৮ থেকে ৪৫ বছর বয়সী সদস্যদের সরকারি চাকরি দেবে নতুন বিজেপি সরকার।

 

সাবেক সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, রাজ্যে আটকে রাখা জনসংখ্যা গণনার কাজ তাঁর সরকার আবার চালু করেছে এবং সীমান্ত সুরক্ষায় বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়াও শুরু হয়েছে। সিএএ (CAA) বা নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় প্রকৃত শরণার্থীরা এ রাজ্যে সসম্মানে থাকবেন, তবে অনুপ্রবেশকারীদের এ দেশ থেকে বিদায় নিতে হবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন। উল্লেখ্য, নির্বাচনের দিন বুথে অনিয়ম, ইভিএমে কারচুপি এবং সিসি ক্যামেরা বন্ধ রাখার বিষয়ে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্তর রিপোর্টের প্রেক্ষিতে আগামী বৃহস্পতিবার (২১ মে) ফলতা কেন্দ্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন