বাংলাদেশ, রাজনীতি, জেলার সংবাদ

‘জুলাই সনদ বাস্তবায়ন না করলে অঘটন ঘটানোর হুমকি দিয়ে লাভ নেই’

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

বুধবার ২০শে মে ২০২৬ ০৬:২৭:২৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

"জুলাই সনদ বাস্তবায়ন না করলে দেশে অঘটন ঘটিয়ে দেওয়া হবে", কিছু রাজনৈতিক দলের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, "আমরা তো উড়ে এসে জুড়ে বসিনি। নির্বাচন করেছি, নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২১৩টি পেয়েছি।

সুতরাং আমাদের ধমক দিয়ে লাভ নেই। ১৭টা বছর আন্দোলন করেছি, জেল খেটেছি, মিথ্যা মামলায় হয়রানি হয়েছি। আমাদেরকে ওই ভয় দেখিয়ে লাভ নেই। আমরাও রাস্তায় নামতে জানি, রাস্তায় তো ছিলাম।"

 

আজ বুধবার (২০ মে) বিকেলে ঠাকুরগাঁও জেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, শারীরিকভাবে অক্ষম ব্যক্তি ও প্রশিক্ষিত নারীদের জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে হুইলচেয়ার, সেলাই মেশিন ও বরাদ্দপত্র বিতরণের উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেন, "জামায়াত ধর্মভিত্তিক রাজনীতি করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। দুঃখজনকভাবে জামায়াত বিভিন্নভাবে মানুষকে ভুল বুঝিয়ে সমস্যা সৃষ্টি করতে চায়। 

 

এভাবে দেশটা আগাতে পারে না।" তিনি আরও স্পষ্ট করেন যে, সরকারি বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয় না। বিএনপি বা জামায়াত না দেখে এলাকার সাধারণ মানুষ হিসেবে সবাইকে এই সহায়তা দেওয়া হচ্ছে। একই সাথে উন্নয়ন কর্মকাণ্ডে যেকোনো ধরনের অনিয়ম দেখা গেলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি সতর্ক করেন।

 

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির মহাসচিব পরামর্শ দেন, দলকে সুসংগঠিত করে জনগণের কাছে নিয়ে যেতে হবে, যেন জনগণ নেতাকর্মীদের আচরণ দেখে প্রশংসা করে।

 

ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ১০০ জনকে মোট ৩ লাখ টাকা, ৫০ জনকে সেলাই মেশিন, ২০ জনকে ২০টি হুইলচেয়ার এবং ৫৪৫টি প্রতিষ্ঠানের অনুকূলে মোট ৭ কোটি ৭৮ লাখ টাকার চেক বিতরণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন