আন্তর্জাতিক, আমেরিকা

‘দেশকে রসাতলে নিচ্ছেন ট্রাম্প’: ৫৫ শতাংশ আমেরিকানের মতামত!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন 'স্টেট অব দ্য ইউনিয়ন' ভাষণের ঠিক আগে প্রকাশিত একাধিক নতুন জনমত জরিপে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ নিয়ে নাগরিকদের মাঝে গভীর অসন্তোষ ও আস্থাহীনতার চিত্র উঠে এসেছে। এনপিআর, পিবিএস নিউজ এবং ম্যারিস্ট পোলের যৌথ এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের অধিকাংশ প্রাপ্তবয়স্ক মানুষ মনে করছেন ট্রাম্প দেশটিকে ভুল পথে নিয়ে যাচ্ছেন। জরিপে অংশগ্রহণকারী ৫৫ শতাংশ নাগরিকের মতে, তাঁর কর্মকাণ্ডে দেশের পরিস্থিতি আরও খারাপ হচ্ছে, যা ট্রাম্পের প্রথম মেয়াদের একই সময়ের তুলনায় ১৩ শতাংশ এবং গত এপ্রিলের তুলনায় ৪ শতাংশ বেশি।

এই জরিপের ফলাফলে রাজনৈতিক মেরুকরণের বিষয়টিও স্পষ্টভাবে ফুটে উঠেছে। একদিকে ৯০ শতাংশ ডেমোক্র্যাট সমর্থক মনে করছেন এক বছর আগের চেয়ে দেশের অবস্থা এখন অনেক খারাপ, অন্যদিকে ৮২ শতাংশ রিপাবলিকান মনে করছেন পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে গণতান্ত্রিক ব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা কমে যাওয়ার বিষয়টি। চেক অ্যান্ড ব্যালেন্স বা ক্ষমতার ভারসাম্য ব্যবস্থার ওপর গত বছরের মার্চ মাসে ৪৩ শতাংশ নাগরিকের আস্থা থাকলেও বর্তমানে তা মাত্র ৩২ শতাংশে নেমে এসেছে।

 

এদিকে পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক আরেক জরিপে দেখা গেছে, মাত্র ২৭ শতাংশ আমেরিকান ট্রাম্পের অধিকাংশ নীতি বা পরিকল্পনাকে সমর্থন করেন। এমনকি খোদ ট্রাম্পের নিজ দল রিপাবলিকান সমর্থকদের মধ্যেও তাঁর প্রতি আস্থায় বড় ধরনের চিড় ধরেছে। গত বছর যেখানে ৭৫ শতাংশ রিপাবলিকান তাঁকে মানসিকভাবে উপযুক্ত বলে মনে করতেন, বর্তমানে তা কমে ৬৬ শতাংশে দাঁড়িয়েছে। পাশাপাশি, প্রশাসনিক কাজে তাঁর নৈতিকতা বজায় রাখার বিষয়েও নিজ দলের সমর্থকদের আস্থা ৫৫ শতাংশ থেকে হ্রাস পেয়ে ৪২ শতাংশে নেমে এসেছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন