মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা মোতায়েন এবং ইসরায়েলের যুদ্ধংদেহী মনোভাব নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।
তিনি সতর্ক করে বলেছেন, মার্কিন সেনারা শেষ পর্যন্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘বিভ্রান্তিকর উন্মাদনার’ বলি হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, “তেহরান অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত গতিবিধি, বিশেষ করে সেনা মোতায়েনের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।”
মার্কিন সামরিক নীতিনির্ধারকদের সমালোচনা করে তিনি আরও বলেন, “জেনারেলরা যা ভেঙে ফেলেছেন, সাধারণ সেনারা তা ঠিক করতে পারবে না। উল্টো তারা নেতানিয়াহুর অলীক কল্পনার শিকারে পরিণত হবে। আমাদের ভূমি রক্ষায় আমাদের সংকল্প পরীক্ষা করতে আসবেন না।”
উল্লেখ্য যে, সম্প্রতি মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে তাদের সামরিক উপস্থিতি আরও জোরদার করছে। প্রতিবেদনে বলা হয়েছে, ৮২তম এয়ারবর্ন ডিভিশনের ১,০০০-এর বেশি সেনা ছাড়াও আরও দুটি মেরিন ইউনিট মোতায়েন করা হচ্ছে। এর ফলে ওই অঞ্চলে নতুন করে প্রায় ৫,০০০ মেরিন সেনা এবং হাজার হাজার নাবিক যুক্ত হতে যাচ্ছেন। এই বিশাল সামরিক সমাবেশের প্রেক্ষাপটেই ইরানের পক্ষ থেকে এই কড়া প্রতিক্রিয়া এলো।
সূত্র: আল-জাজিরা
ডিবিসি/কেএলডি