রাজনীতি

‘পাকিস্তানের বিপক্ষে জয় আমাদের ক্রিকেট ইতিহাসের সেরা অর্জন’

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ঐতিহাসিক হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি। বুধবার (২০ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি খেলোয়াড়, কোচ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট সবাইকে নিজের দল ও দেশবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

সিলেটে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে এই অনন্য মাইলফলক স্পর্শ করে বাংলাদেশ। মিরপুরের পর সিলেটেও এই দুর্ভেদ্য কৃতিত্বের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ের নজির সৃষ্টি হয়েছে, যা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অর্জন বলে মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা। তিনি উল্লেখ করেন, এই রেকর্ড টাইগারদের অদম্য ইচ্ছাশক্তি ও সামর্থ্যেরই প্রমাণ বহন করে।

 

বিবৃতিতে ডা. শফিকুর রহমান পঞ্চম দিনের রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশি ক্রিকেটারদের লড়াকু মানসিকতার প্রশংসা করে বলেন, প্রতিপক্ষের কঠিন প্রতিরোধ ভেঙে আমাদের সাহসী ও মেধাবী ক্রিকেটাররা অসাধারণ দক্ষতা, আত্মবিশ্বাস ও দলগত ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। শেষ পর্যন্ত ৭৮ রানের এই গৌরবময় বিজয় এবং অনবদ্য কৃতিত্ব পুরো দেশকে আনন্দিত ও গর্বিত করেছে।

 

খেলাধুলার এ ধরনের সাফল্য দেশের তরুণ প্রজন্মকে ইতিবাচকভাবে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন জামায়াত আমীর। একই সঙ্গে ভবিষ্যতেও দলটি এই সাফল্যের ধারা অব্যাহত রাখবে বলে তিনি প্রত্যাশা করেন। বিবৃতির শেষাংশে তিনি জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন