জাতীয়

‘পয়সা খাওয়ার জন্য আ. লীগ ও অন্তর্বর্তী সরকার হামের টিকা নেয়নি’

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

সোমবার ২৫শে মে ২০২৬ ০৪:৩২:৫১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঈদুল আজহার আগে হাসপাতালগুলোর হাম ও জরুরি চিকিৎসা ব্যবস্থার সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বিগত আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. শাখাওয়াত হোসেন। তিনি মন্তব্য করেন, ইউনিসেফ সাতবার প্রস্তাব দেওয়া সত্ত্বেও কেবল বেসরকারিভাবে কিনে আর্থিকভাবে লাভবান হওয়ার (পয়সা খাওয়ার) উদ্দেশ্যেই ওই দুই সরকার তাদের কাছ থেকে বিনামূল্যে কোনো ভ্যাকসিন নেয়নি।

সোমবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

 

দেশে হামের টিকাদান কর্মসূচির অগ্রগতির চিত্র তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, এই কর্মসূচির লক্ষ্যমাত্রা ১২২ শতাংশ এবং ইতোমধ্যে দুই কোটির বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে। প্রথম ধাপে ১৮টি জেলার ৩০টি উপজেলায় পরিচালিত ক্যাম্পেইনের ফলে সেখানে সংক্রমণের হার এখন প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। পরবর্তীতে চারটি বড় সিটি কর্পোরেশনে শুরু হওয়া টিকাদান কর্মসূচির ফলাফলও অত্যন্ত সন্তোষজনক বলে উল্লেখ করেন তিনি।

 

হামে সংক্রমণ ও মৃত্যুর ঘটনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে সরকার কোনো স্বাধীন তদন্ত চায় কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি যদি ১০টি মানুষকে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েও হামে মায়ের বুক খালি হওয়া থামাতে না পারি, তবে আমি ফাঁসি দিয়েছি, একথা বলে কি রক্ষা পাব?’ বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হলো হামে আক্রান্ত শিশুদের জীবন রক্ষা করা এবং মায়ের বুক ভরা রাখা, এমনটাই জানান স্বাস্থ্যমন্ত্রী।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন