আন্তর্জাতিক

‘ফিলিস্তিনিরা নিজেরাই নিজেদেরকে হত্যা করেছে’, দাবি ইসরায়েলি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসরায়েলের অর্থমন্ত্রী ও উগ্রপন্থী রাজনীতিক বেজালেল স্মোট্রিচ মন্তব্য করেছেন, ফিলিস্তিনিরা নিজেরাই একে অপরকে হত্যা করছে এবং এই পরিস্থিতির জন্য ইসরায়েল সরকারের কোনো দায় নেই। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ইসরায়েলি পার্লামেন্ট বা নেসেটে অনুষ্ঠিত এক বিতর্ক চলাকালে তার এই মন্তব্যের পর ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিতর্কের মূল বিষয় ছিল খালি জমির ওপর প্রস্তাবিত দেড় শতাংশ সম্পত্তি কর, যা নিয়ে ইমান খাতিব-ইয়াসিনসহ ফিলিস্তিনি আইনপ্রণেতারা আপত্তি জানান। তাঁদের যুক্তি ছিল, ফিলিস্তিনিরা সম্পত্তির মালিক হলেও উন্নয়নের অনুমতি না থাকায় এই কর তাদের ক্ষতিগ্রস্ত করবে। পাশাপাশি তারা অভিযোগ করেন, ফিলিস্তিনি জনগোষ্ঠীর ওপর ক্রমবর্ধমান সহিংসতা রোধে সরকার ব্যর্থ হয়েছে।

 

আইনপ্রণেতাদের এই অভিযোগের জবাবে স্মোট্রিচ পাল্টা প্রশ্ন তোলেন যে, ফিলিস্তিনিরা নিজেরাই নিজেদের হত্যা করলে সরকার কেন তার দায় নেবে। তিনি হত্যা বন্ধ করতে ফিলিস্তিনিদের নিজেদের জনগণকে শিক্ষিত করার পরামর্শ দেন এবং হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে সন্ত্রাস ও সহিংসতার নিন্দা জানানোর আহ্বান জানান। তবে তার এই বক্তব্যকে তাৎক্ষণিকভাবে ঘৃণ্য ও বর্ণবাদী আখ্যা দিয়ে প্রতিবাদ জানানো হয়।

 

এদিকে ইসরায়েলজুড়ে ফিলিস্তিনি অধ্যুষিত শহর ও গ্রামগুলোতে প্রায় প্রতিদিনই হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। এর প্রতিবাদে গত মাসে সাখনিন ও তামরা থেকে শুরু হওয়া বিক্ষোভ গত সপ্তাহে তেল আবিবে চূড়ান্ত রূপ নেয়, যেখানে প্রায় এক লাখ মানুষ সমবেত হয়ে সহিংসতা ও সংগঠিত অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। মানবাধিকার সংস্থা আব্রাহাম ইনিশিয়েটিভসের তথ্যমতে, চলতি বছরে এ পর্যন্ত ইসরায়েলের ভেতরে ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে ২০২৫ সালে ২১৮টি পৃথক ঘটনায় রেকর্ডসংখ্যক ২৫২ জন ফিলিস্তিনি প্রাণ হারান, যা গত দশকের তুলনায় প্রায় চার গুণ বেশি। ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েল সরকার এই সংকট মোকাবিলায় ব্যর্থ হয়েছে এবং ক্ষেত্রবিশেষে এমন পরিস্থিতি তৈরি করছে যা সহিংসতা উসকে দিচ্ছে।

 

সূত্র: মিডল ইস্ট আই

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন