বাংলাদেশ, জাতীয়

‘ব্যয় নির্বাহের জন্য’ হাদির পরিবার পাচ্ছে আরও এক কোটি টাকা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ২১শে জানুয়ারী ২০২৬ ০৫:২১:৪৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য বিশেষ অনুদানের পাশাপাশি জীবনধারণের ব্যয় নির্বাহের জন্য আরও এক কোটি টাকা দেওয়া হচ্ছে।

প্রধান উপদেষ্টার তহবিল থেকে এই অর্থ প্রদান করা হবে। বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

 

অর্থ উপদেষ্টা জানান, হাদির পরিবারের সহায়তায় দুটি পৃথক উৎস থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে এক কোটি টাকা দেওয়া হবে ফ্ল্যাট বা বাড়ির জন্য। এর বাইরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে আলাদাভাবে আরও এক কোটি টাকা দেওয়া হচ্ছে, যা তাদের জীবন ও জীবিকা নির্বাহের জন্য ব্যয় করা হবে।

 

এর আগে মঙ্গলবার হাদির পরিবারকে রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে ১ হাজার ২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য এক কোটি টাকা বরাদ্দের অনুমোদন দেয় অর্থ মন্ত্রণালয়। ফ্ল্যাট হস্তান্তরের ক্ষেত্রে হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্ত দেওয়া হয়েছে।

 

জুলাই অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় গণসংযোগকালে মোটরসাইকেলে আসা আততায়ীর গুলিতে তিনি গুরুতর আহত হন। 

 

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাদির মৃত্যুর খবর আসার পর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব রাষ্ট্র কর্তৃক নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন