রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী বড় ধরনের চিরুনি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শুরু হওয়া এই অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সোয়াট টিম এবং প্রশিক্ষিত ডগ স্কোয়াডসহ দুই শতাধিক সদস্য অংশ নেন। ঘনবসতিপূর্ণ এই ক্যাম্পের ভেতরে কয়েকটি দলে ভাগ হয়ে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ মাদক জব্দ করার পাশাপাশি বেশ কয়েকজনকে আটক করা হয়।
এই অভিযান চলাকালে বৃহস্পতিবার রাতে ঘটনাস্থল পরিদর্শনে যান নবনিযুক্ত পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। পরিদর্শন শেষে তিনি জানান, ‘সমাজে কোনো মাদক থাকবে না’- মূলত প্রধানমন্ত্রীর দেওয়া এই বিশেষ নির্দেশনার ধারাবাহিকতাতেই অভিযানটি পরিচালিত হচ্ছে। এ সময় তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে যারা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকবে, তাদের বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের এই শীর্ষ কর্মকর্তা আরও নিশ্চিত করেছেন, রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় শুরু হওয়া এই বিশেষ অভিযান আগামী ঈদ পর্যন্ত অব্যাহত থাকবে।
ডিবিসি/এফএইচআর