আন্তর্জাতিক

‘হরমুজের চাবি হারিয়ে ফেলেছি’ ট্রাম্পকে ইরানের ব্যঙ্গ!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার দেওয়া সামরিক হুমকির জবাবে চরম কটাক্ষ করেছে ইরান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি খোলার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেরক টুইটার) রসিকতা করে ইরান জানিয়েছে, প্রণালির ‘চাবি হারিয়ে গেছে’।

ট্রাম্পের আলটিমেটামকে বিদ্রূপ করে জিম্বাবুয়েতে অবস্থিত ইরানি দূতাবাস এক্সে দেওয়া ব্যঙ্গাত্মক পোস্টে চাবি হারিয়ে যাওয়ার কথা জানায়। একই সুরে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ইরানের মিশনও মজার ছলে লিখেছে, ‘চাবিটা ফুলের টবের নিচে রাখা আছে। এটি শুধু বন্ধুদের জন্যই খোলা।’ মূলত, হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা নেওয়ার যে হুঁশিয়ারি ট্রাম্প দিয়েছিলেন, তার জবাবেই তেহরানের পক্ষ থেকে এমন উপহাস করা হয়েছে।

 

এর আগে ডোনাল্ড ট্রাম্প কড়া ভাষায় হুমকি দিয়ে বলেছিলেন, নির্ধারিত সময়ের মধ্যে বৈশ্বিক তেল পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রণালিটি পুনরায় চালু করা না হলে ইরানের অবকাঠামোর ওপর ধ্বংসাত্মক হামলা চালানো হবে। প্রণালি না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

 

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে শুরু হওয়া এই সংঘাত এখন পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলসহ এর বাইরেও প্রতিনিয়ত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটছে। চলমান এই যুদ্ধে ইতিমধ্যে হাজারো মানুষের প্রাণহানি ঘটেছে, সরবরাহ ব্যবস্থা চরমভাবে ব্যাহত হয়েছে এবং পুরো পরিস্থিতি একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধে রূপ নেওয়ার তীব্র আশঙ্কা তৈরি করেছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন