পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য ১২ ঘণ্টার মধ্যে অপসারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৪ মে) সন্ধ্যায় সচিবালয়ে ঈদুল আযহার সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর এই নির্দেশনার কথা গণমাধ্যমকে জানান।
বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী মহাসড়কের শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা দিয়েছেন। নির্দেশ অনুযায়ী, কোনোভাবেই মহাসড়কের ওপর পশুর হাট বসানো যাবে না। একই ধরনের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে রেললাইনের পাশের এলাকাগুলোর জন্যও।
এছাড়া কোরবানি পরবর্তী পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং তা সঠিক পদ্ধতিতে সংরক্ষণে সব ধরনের সরকারি সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেন, আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে ঈদের সাত দিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ মনিটরিং সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ সুরক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, কোরবানির বর্জ্য দ্রুত অপসারণের জন্য সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। জনপদ পরিষ্কার রাখতে ১২ ঘণ্টার নির্ধারিত সময়সীমার মধ্যেই যেন বর্জ্য সরিয়ে ফেলা হয়, প্রধানমন্ত্রী তা নিশ্চিত করতে বলেছেন।
ডিবিসি/আরএসএল