দেশের বাজারে ফের বাড়ল সোনার দাম। সবচেয়ে ভালো মানের সোনার (২২ ক্যারেট) দাম ভরিতে সাত হাজার ৬৯৮ বাড়িয়ে নতুন দাম ৯৮ হাজার ৭৯৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
শনিবার (১৮ মার্চ) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) মূল্য বৃদ্ধি পেয়েছে। যার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। আগামীকাল রবিবার থেকে সোনার এই নতুন দাম কার্যকর হবে।
নতুন ঘোষণা অনুযায়ী, ২১ ক্যারেটের সোনার দাম ভরিপ্রতি নির্ধারণ করা হয়েছে ৯৪ হাজার ৩০৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৮০ হাজার ৮৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৬৭ হাজার ৩০১ টাকা।
এদিকে রুপার দাম পরিবর্তন হয়নি, আগের দামই রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এক হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেট রুপার দাম এক হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম এক হাজার ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম বেড়ে হয়েছে এক হাজার ৫০ টাকা।
গত ২৬ ফেব্রুয়ারি সর্বশেষ সোনার দাম নির্ধারণ করেছিল বাজুস যা পরদিন ২৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়। ওই দাম অনুযায়ী শনিবার (১৮ মার্চ) পর্যন্ত ২২ ক্যারেটের ভরি বিক্রি হয়েছে ৯১ হাজার ৯৬ টাকায়। সেই হিসেবে আজ সাড়ে সাত হাজারেরও বেশি টাকা বাড়ানো হলো স্বর্ণের দাম।
এদিকে গত বছরের ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রতি ভরি সোনার (২২ ক্যারেট) দাম ছিল ৮৭ হাজার ২৪৭ টাকা। ওই দিন ১ হাজার ১৬৬ টাকা বেড়ে হয় ৮৮ হাজার ৪১৩ টাকা। এরপর ৭ জানুয়ারি ২ হাজার ৩৩৩ টাকা বেড়ে হয় ৯০ হাজার ৭৪৬ টাকা এবং ১৪ জানুয়ারি ২ হাজার ৬৮৩ টাকা বেড়ে হয় রেকর্ড ৯৩ হাজার ৪২৯ টাকা। মাঝে ৪ ফেব্রুয়ারি সোনার দাম কিছুটা কমলেও সেটি ৯০ হাজারের ঘরে থেকে যায়।
আজ এক লাফে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়িয়ে প্রতি ভরি সোনার দাম করা হলো ৯৮ হাজার ৭৯৪ টাকা। বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের দামের ক্ষেত্রে এটিই একবারে সবচেয়ে বেশি পরিমাণে মূল্যবৃদ্ধির ঘটনা।
ডিবিসি/ কেএমএল