ভারতীয় অভিনেতা আশিস বিদ্যার্থী বৃহস্পতিবার (২৫ মে) ২য় বিয়ে করেছেন। বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের উপস্থিতিতে কলকাতার একটি ক্লাবে আসামের মেয়ে রুপালি বড়ুয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। বিয়ের খবর চাউর হওয়ার পর থেকে আলোচনায় এই অভিনেতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট দেন অভিনেতার প্রথম স্ত্রী রাজশী বড়ুয়া। আজ বিচ্ছেদ ও ২য় বিয়ে নিয়ে কথা বলেছেন আশিস।
নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় আশিস বিদ্যার্থী বলেন, ‘২২ বছর আগে আমার সঙ্গে পিলোর (রাজশী বড়ুয়ার ডাকনাম) দেখা হয়। এরপর আমরা বিয়ে করি। আমাদের সন্তান আর্থের বয়স এখন ২২। কিন্তু কয়েক বছর ধরে পিলো আর আমি আবিষ্কার করি আমাদের চিন্তা-ভাবনায় কিছু পার্থক্য তৈরি হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু সুরাহা করতে পারিনি। সমাধান যে অসম্ভব ছিল, তা নয়; কিন্তু এতে হয়তো একজনের ওপর অন্যজনের মত চাপিয়ে দেওয়া হতো; যা ভালো হতো না। দিন শেষে আমরা তো সুখেই থাকতে চাই, তাই না?’
নিজের ইনস্টাগ্রামে দেওয়া ভিডিও বার্তায় ২য় বিয়ে নিয়েও কথা বলেন আশিস বিদ্যার্থী, ‘বরাবরই আমার বিয়েতে আস্থা ছিল, মনে হয়েছিল আমার যাত্রায় একজন সঙ্গী চাই। এই ভাবনার সময় আমার বয়স ছিল ৫৫, তখনই আমার সঙ্গে রুপালির দেখা হয়। দেখা হওয়ার পর থেকে আমার চ্যাট হতো। দু’জনেরই মনে হয়েছে স্বামী-স্ত্রী হিসেবে আমরা পথ চলতে পারি।’
অভিনেতা আরও জানান, তার বয়স আসলে ৬০ নয় ৫৭, স্ত্রী রুপালি বড়ুয়ার ৫০। তবে বিয়ের ক্ষেত্রে বয়স কোনো বাধা নয় জানিয়ে তিনি আরও বলেন, ‘বয়স কোনো ব্যাপার নয়, বন্ধু। বয়স যা–ই হোক, আমরা তো সুখী হতে পারি। সবাইকে বলতে চাই, চলুন পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে এগিয়ে যাই।’
ডিবিসি/রূপক