খেলাধুলা, ক্রিকেট

আজ মেহেদী হাসান মিরাজের জন্মদিন

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

বুধবার ২৫শে অক্টোবর ২০২৩ ০৫:৩৯:২৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আজ ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের জন্মদিন। ১৯৯৭ সালের ২৫ অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন তিনি। বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, খুলনা হতে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন নিয়মিত সদস্য এবং একজন পরিপূর্ণ অলরাউন্ডার ক্রিকেটার হিসেবে ভূমিকা পালন করছেন।

ক্রিকেটার হওয়ার স্বপ্ন ছিল আজন্মলালিত। তার সেই স্বপ্নটুকু ধরা পড়েছিল প্রয়াত শেখ সালাউদ্দিনের চোখে। শেখ সালাউদ্দিন বলতে, বাংলাদেশের সাবেক অফস্পিনার, যাকে বলা হতো সেই প্রজন্মের সেরা বাংলাদেশি অফস্পিনার।

ঘরোয়া ক্রিকেটে মিরাজের পা রাখা ২০১৪-১৫ মৌসুমে। তবে নজরকাড়া পারফরম্যান্স উপহার দিতে তাকে অপেক্ষা করতে হলো আরেকটা মৌসুম। বল হাতে ৩টি ইনিংসে ৫ উইকেটসহ মাত্র ১৬.৪৩ গড়ে তুলে নিলেন ৩০ উইকেট, আর এই পারফরম্যান্সই জাতীয় দলের দরজা খুলে দেয়। ডাক পান অ্যালিস্টার কুকের ইংল্যান্ডের বিপক্ষে হোম টেস্ট সিরিজে।

অভিষেক হলো চট্টগ্রামে। টেস্ট আঙিনায় মাত্র একদিনের পদচারণাতেই অভিষেকটা রঙিন আলোয় রাঙালেন মিরাজ, প্রথম ইনিংস শেষে তার নামের পাশে ৬ উইকেট লেখা হয়ে গেল। তার চেয়েও বড় ব্যাপার, তিনি যেভাবে নিয়ন্ত্রিত লাইন লেংথে বল ফেলে বড় টার্নে ব্রিটিশ ব্যাটারদের নাকের জল চোখের জল একসঙ্গে করে ফেললেন। একজন অভিষিক্ত বোলার যখন নিজের এক স্পেলে টানা ১০ ওভার বোলিং করে ফেলেন, আর প্রতিটা বলই যখন ব্যাটারকে অস্বস্তিতে ফেলে খেলতে বাধ্য করেন, বুঝতে হবে তার স্নায়ু ধরে রাখার ক্ষমতা কতখানি।

চেহারার মধ্যে বালকসুলভ চপলতা যেমন ছিল, নিজের শক্তির জায়গাটাও খুব স্পষ্ট ছিল মিরাজের কাছে। ফলে তার মধ্যে আত্মবিশ্বাসের অভাব ছিল না বিন্দুমাত্র। ফলাফল, বয়স ১৯ ছোঁয়ার আগেই মিরাজের নামের পাশে টেস্টে ফাইফার জমা পড়ল। তবে জেতাতে পারলেন না দলকে, ব্যাটিং ব্যর্থতার কারণে শেষ অবধি ম্যাচটা হারতে হলো ২২ রানে।

পরের ম্যাচে হয়ে উঠলেন আরও ভয়ংকর, দ্বিতীয় টেস্টে দুই ইনিংসে আরও দু’বার ছয়টি করে উইকেট সংগ্রহ করলেন। এই দফায় বাংলাদেশ চির অধরা জয়কে স্পর্শ করার স্পর্ধা দেখাল, কুকের ইংল্যান্ডকে হারিয়ে দিল প্রথমবারের মতো! মিরাজ জিতলেন ‘ম্যান অব দ্য ম্যাচ’ এবং ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ খেতাব।

২০১৭ সালে শততম টেস্ট জিতল বাংলাদেশ, দলকে দারুণ সংগ দিলেন মিরাজ। অস্ট্রেলিয়াকে ঘরের মাটিতে পরিষ্কার ব্যবধানে হারিয়ে দিল বাংলাদেশ, যথারীতি সেখানেও দুর্দান্ত ভূমিকা পালন করলেন মিরাজ। বলাই বাহুল্য, দলের জন্য সে বছরটা ছিল রীতিমতো পয়মন্ত। আর দীর্ঘপরিসর ক্রিকেটে দারুণ পারফরম্যান্স তাকে সুযোগ এনে দেয় সীমিত ওভারের ক্রিকেটেও।

শুরুটা অবশ্য খুব একটা সুবিধার হয়নি, অন্তত টেস্টের মতো বিধ্বংসী সূচনার ধারেকাছেও যায়নি সীমিত ওভারের পারফরম্যান্স। তবে মেহেদীও স্রেফ চুপচাপ বসে থাকা মানুষ নন, কাজ করতে শুরু করলেন সীমিত ওভারের ক্রিকেট নিয়ে। কাজের ফলাফল চোখে পড়ল গত বিপিএলে, ব্যাটে-বলে-অধিনায়কত্বে মুগ্ধতা ছড়ালেন।

তার সামর্থ্যে বাজি রেখে কিছুটা ঝুঁকি নিয়েই বলে দেওয়া যায়, সবকিছু ঠিক থাকলে আগামী ১০ বছরে তিনিই হতে চলেছেন বাংলাদেশের অন্যতম সেরা সুপারস্টার।

২০১৯ এর মার্চে দীর্ঘ ৫ বছর প্রেম করার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন মিরাজ ও রাবেয়া আক্তার প্রিতী। ২০২০ সালের অক্টোবরে পুত্র সন্তানের জনক হয়েছেন জাতীয় দলের এই ক্রিকেটার।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন