খেলাধুলা, ফুটবল

সুখবর পেলেন মোরসালিন

খেলা ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৬শে নভেম্বর ২০২৩ ১২:১৬:২৮ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাফ চ্যাম্পিয়নশিপে দলকে সেমিফাইনালে তোলার পর থেকে হ্যাভিয়ের ক্যাবরেরার দলে অন্যতম ভরসার নাম শেখ মোরসালিন। দুর্দান্ত ফর্মে থাকা এই স্ট্রাইকার এবার এশিয়ান ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে দারুণ সুখবর পেয়েছেন।

অভিষেকের বছর না পেরোতেই দেশের ফুটবলের বড় নাম হয়ে উঠেছেন মোরসালিন। মদকান্ডে জাতীয় দল থেকে বাদ পড়ার পর মাঠে ফিরেই চমক উপহার দিয়েছেন তিনি। শক্তিশালী লেবাননের বিপক্ষে দুর্দান্ত এক গোল করে শিরোনাম হয়েছেন ১৭ বছর বয়সি এই তারকা।

র‍্যাঙ্কিংয়ে ৭৯ ধাপ এগিয়ে থাকা লেবাননকে রুখে দেওয়ার ম্যাচে মোরসালিনের পারফরম্যান্স নজর কেড়েছে এএফসির। ১৭ বছর বয়সি এই তারকার গোলে মুগ্ধ হয়ে তাকে নিজেদের ওয়েবসাইটে তার বেশ প্রশংসা করেছে সংস্থাটি।

বিশ্বকাপ বাছাইয়ের পাশাপাশি লেবানন-বাংলাদেশ ম্যাচটি ছিল ২০২৭ এশিয়ান কাপ কোয়ালিফায়ারেরও ম্যাচ। এটি এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের ম্যাচ। এই পর্বের সেরা খেলোয়াড়দের নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে এএফসি। সেই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের মোরসালিন।
 
মোরসালিনের পারফরম্যান্সে এএফসি তাকে সম্ভাবনাময় এক তরুণ হিসেবে উল্লেখ করেছে। বসুন্ধরা কিংস থেকে জাতীয় দলে আসার পর তার গুরুত্বপূর্ণ অবদানগুলোর কথা মনে করিয়ে দিয়েছে তারা। তাদের মতে, প্রতিভায় পূর্ণ এই স্ট্রাইকার এমন একজন, যার দিকে সামনের দিনগুলোতে অবশ্যই নজর রাখা যায়। 
 
মোরসালিনের সঙ্গে এই তালিকায় আছেন বিশ্ব ফুটবলের বেশকিছু বড় তারকা। অনুমিতভাবে সেখানে জায়গা পেয়েছেন দক্ষিণ কোরিয়ান তারকা হিউয়েন মিন সন, অস্ট্রেলিয়ার হ্যারি সাউটার এবং ইরানের মেহদি তারেমি।


ডিবিসি/আরপিকে

আরও পড়ুন