বাংলাদেশ

প্রথমবার মন্ত্রীসভায় ঠাঁই; কে কোন মন্ত্রণালয় পেলেন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ১২ই জানুয়ারী ২০২৪ ০১:৪৩:২৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রী শপথ নেওয়ার পর দপ্তরও পেয়ে গেছেন তারা। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় শপথ নেওয়ার পর দপ্তর বন্টন করা হয় তাদের মাঝে। এবারের মন্ত্রীসভায় বেশ কয়েকজন নতুন মুখ যুক্ত হয়েছেন যারা প্রথমবার মন্ত্রণালয় সামলাবেন।

এ তালিকায় সাতজন মন্ত্রী ও সাতজন প্রতিমন্ত্রী প্রথমবারের মত মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হয়েছেন। তাদের মধ্যে কেউ কেউ অতীতে জাতীয় সংসদসহ বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

জানা গেছে, প্রথমবারের মত পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাওয়া মো. আব্দুস শহীদ (মৌলভীবাজার-৪) পেয়েছেন কৃষি মন্ত্রণালয়, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী (ব্রাহ্মণবাড়িয়া-৩) পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, মো. আবদুর রহমান (ফরিদপুর-১) পেয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণারয়, আবদুস সালাম (ময়মনসিংহ-৯) পরিকল্পনা মন্ত্রণালয়, মো. জিল্লুল হাকিম (রাজবাড়ী-২) পেয়েছেন রেলপথ মন্ত্রণালয়, নাজমুল হাসান (কিশোরগঞ্জ-৬) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং সামন্ত লাল সেনকে দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

প্রথমবারের মত নতুন সরকারে প্রতিমন্ত্রী হিসেবে এবার জায়গা করে নিচ্ছেন স্বাধীন বাংলাদেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মেয়ে সিমিন হোসেন (রিমি) (গাজীপুর-৪) পেয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মোহাম্মদ আলী আরাফাত (ঢাকা-১৭) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, মো. মহিববুর রহমান (পটুয়াখালী-৪) দূর্যেোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি) পেয়েছেন পার্বত্য বিষয়ক চট্টগ্রাম মন্ত্রণালয়, রুমানা আলী (গাজীপুর-৩) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, শফিকুর রহমান চৌধুরী (সিলেট-২) পেয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদিশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আহসানুল ইসলাম (টিটু) (টাঙ্গাইল-৬) পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়।
 
এক নজরে প্রথমবারের মন্ত্রী হলেন যারা:
প্রথমবারের মত মন্ত্রীর দায়িত্ব পেতে যাওয়া মো. আব্দুস শহীদ নবম সংসদে ক্ষমতাসীন দলের চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একাদশ সংসদে অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দ্বাদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সপ্তমবারের মতো মৌলভীবাজার-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। 

ছাত্রলীগের সাবেক নেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিবের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য। উবায়দুল মোকতাদির চৌধুরী ২০১১ সালের উপনির্বাচনে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৩ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি এবার চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বর্তমানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এবার দ্বিতীয়বারের মত ফরিদপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি অতীতে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সাবেক সেনা কর্মকর্তা আবদুস সালাম এর আগেও সংসদ সদস্য ছিলেন। মেজর জেনারেল (অব.) সালাম ময়মনসিংহ-৯ আসন থেকে এবার দ্বিতীয় দফায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ২০০১ সাল থেকে নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম দেড় দশকের বেশি সময় ধরে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন। তিনি এবার পঞ্চম বারের মত রাজবাড়ী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ছেলে নাজমুল হাসান বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করছেন। নিজের এলাকা কিশোরগঞ্জ-৬ আসন থেকে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি দেশের বৃহত্তম ঔষধ প্রস্তুতকারী সংস্থা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

টেকনোক্র্যাট কোটায় মন্ত্রিসভায় স্থান পেতে যাওয়া সামন্ত লাল সেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ প্লাস্টিক সার্জন সোসাইটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এক নজরে প্রথমবারের মতো প্রতিমন্ত্রী হলেন যারা:
প্রতিমন্ত্রীর দায়িত্ব পেতে যাওয়া সিমিন হোসেন রিমি স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের মেয়ে। তিনি নিজের এলাকা গাজীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি একাদশ সংসদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মোহাম্মদ আলী আরাফাত ২০২২ সালের ডিসেম্বরে প্রথমবারের মত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন। ২০২৩ এর জুলাইয়ে ঢাকা–১৭ আসনের উপনির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মত তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও তিনি ঢাকার এই আসন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

রুমানা আলী গাজীপুরের প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমত আলীর মেয়ে। তিনি এর আগে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন। একাদশ জাতীয় সংসদে ১৪ নং সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন রুমানা আলী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো দলীয় মনোনয়ন পেয়ে গাজীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তিনি।

আহসানুল ইসলাম প্রয়াত আওয়ামী লীগ নেতা হাজি মকবুল হোসেনের ছেলে। তিনি টাঙ্গাইল-৬ আসন থেকে এবার দ্বিতীয় দফায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

কুজেন্দ্র লাল ত্রিপুরা এবার তৃতীয় মেয়াদে খাগড়াছড়ি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৪ সালে প্রথম সংসদ নির্বাচন করার আগে তিনি খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। ২০১৮ সালে তাঁকে প্রত্যাবাসন শরণার্থী এবং অভ্যন্তরীণ বাস্তুচ্যুত ব্যক্তিদের পুনর্বাসনের বিষয়ে টাস্কফোর্সের চেয়ারম্যান করা হয় যেটি প্রতিমন্ত্রির পদমর্যাদা সম্পন্ন।

মো. মহিববুর রহমান এবার দ্বিতীয় দফায় পটুয়াখালী-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহসভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

শফিকুর রহমান চৌধুরী বর্তমানে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি প্রথম ২০০৮ সালে সিলেট–২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি বর্তমানে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আরও পড়ুন