বাংলাদেশ, জেলার সংবাদ

বোরকা পরে বালিকাদের স্কুলের অনুষ্ঠানে গিয়ে বালক আটক

নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৮ই ফেব্রুয়ারি ২০২৪ ০৪:৩১:৪১ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বোরকা পরে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন বালক বিদ্যালয়ের এক ছাত্র। আটকের সময় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আটক ছাত্রের নাম সাদমান সাকিব। সে নাটোর সরকারি বালক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং জেলা বিএনপির প্রয়াত আহ্বায়ক আমিনুল হকের নাতি।

নাটোর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বোরকা পরে আসা ওই ছাত্রের আচরণে সন্দেহ হলে সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকা পুলিশকে খবর দেয় তারা। পুলিশ অনুষ্ঠানস্থলের দিকে এগিয়ে এলে পালানোর চেষ্টা করে সে। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আটক সাদমান সাকিব নাটোর সরকারি বালক বিদ্যালয়ের প্রভাতী শাখার নবম শ্রেণির ছাত্র। সে বুধবার বিদ্যালয়ে মিলাদ মাহফিল শেষে বোরকা পরে নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আসে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ডিবিসি/আরপিকে

আরও পড়ুন