বাংলাদেশ, জেলার সংবাদ

লক্ষ্মীপুরে মেঘনা নদীর ভাঙনে ভয়াবহ রূপ, অসংখ্য মানুষ গৃহহীন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ২রা জুন ২০২৪ ১১:৩১:০৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

লক্ষ্মীপুরের রামগতি কমলনগরের মেঘনা নদীর পাড় ভাঙন রোধে তিন যুগ ধরে টেকসই বাঁধ না থাকায় ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। মেঘনা নদীর ভাঙনে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরে গত ৫ বছরে অসংখ্য মানুষ গৃহহীন হয়েছেন।

শুকনো মৌসুমেও ভাঙছে নদীর পাড়। স্থানীয়দের অভিযোগ, বালু সংকটের অজুহাত দেখিয়ে একাধিকবার নদীর তীররক্ষা বাঁধের কাজ বন্ধ হয়েছে। 

 

দুই উপজেলার ১৫টি পয়েন্টে শুকনা মৌসুমেও চলছে মেঘনার ভাঙন। এতে আতঙ্কে দিন কাটছে নদী তীরের কয়েক লাখ মানুষের।

 

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ২০২১ সালের জুনে ৩১ কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের জন্য ৩ হাজার ৮৯ কোটি ৯৬ লাখ ৯৯ হাজার টাকা বরাদ্দ দেয় সরকার। এরপর ৯৯ প্যাকেজে ভাগ করে একই বছরের আগস্টে প্রকল্পের টেন্ডার আহ্বান করে পানি উন্নয়ন বোর্ড। প্রথম পর্যায়ে ২৬টি প্যাকেজে ১৫ জন ঠিকাদারকে টেন্ডারের মাধ্যমে কাজ দেয়া হয়। এখনও কাজ চলছে।

 

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনায় বসতভিটা হারিয়ে অন্যের জমিতে খুপরি ঘর করে আশ্রয় নিয়েছেন এক ব্যক্তি। এরকম শত শত মানুষ নিজের বসতভিটা হারিয়ে অন্যের জায়গায় উদ্বাস্তু হয়ে থাকে।

 

স্থানীয়রা জানান, গত বছরের ৯ জানুয়ারি কমলনগর উপজেলার সাহেবের হাট ইউনিয়নের মেঘনা নদীর তীরবর্তী এলাকায় জিও ব্যাগ ফেলার মাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন। তখন ১৩ জন ঠিকাদার কাজ শুরু করেন। তবে মে মাসে বালুসংকটের জন্য কাজ বন্ধ।  

 

স্থানীয়দের অভিযোগ, গত এক বছরেও বাঁধ নির্মাণ কাজের কোনো অগ্রগতি নেই। বিভিন্ন স্থানে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে ভাঙনের কবলে পড়েছে সাহেবের হাট, পাটওয়ারীর হাট, চরফলকন, মাতব্বর হাট, লুধুয়া, বাংলাবাজার, আসলপাড়া, গাবতলী ও বড়খেরীসহ ১৫টি এলাকার প্রায় ১০ কিলোমিটার এলাকা।

 

ডিবিসি/ এসএইচ 

আরও পড়ুন