বাংলাদেশ, জেলার সংবাদ

সাড়ে ১২ লাখ টাকাসহ নিখোঁজ বিকাশ কর্মীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১২ই আগস্ট ২০২৫ ১১:৩৩:৫৪ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নেত্রকোনার আটপাড়ায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. রিজন মিয়া (২২) নামে এক বিকাশ কর্মীর হাত বাঁধা অবস্থায় অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ই আগস্ট) উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের ঘাঘরা গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মগড়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রিজন জেলা শহরের পশ্চিম নাগড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে।

 

এর আগে গত রবিবার (১০ই আগস্ট) সকালে জেলা শহরের বিকাশ অফিস থেকে এজেন্ট পয়েন্টে বিতরণের জন্য সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বের হয়েছিলেন তিনি। কিন্তু বিকেল ৩টার পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং তার সাথে সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

 

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রিজন মিয়া নেত্রকোনা শহরে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের একজন ডিএসও (ডিস্ট্রিবিউশন সেলস অফিসার) হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতোই গত রবিবার সকালে তিনি অফিস থেকে নগদ সাড়ে ১২ লাখ টাকা নিয়ে বিভিন্ন এজেন্ট পয়েন্টে দেওয়ার জন্য কর্মস্থলের উদ্দেশে বের হন। তবে বিকেল গড়িয়ে গেলেও তিনি বাসায় না ফেরায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ওই দিন রাতেই পরিবারের পক্ষ থেকে নেত্রকোনা সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

 

আজ বিকেলে ঘাঘরা গ্রামের পাশে মগড়া নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে আটপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাত বাঁধা অবস্থায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে খবর পেয়ে রিজনের পরিবারের সদস্যরা থানায় গিয়ে তার পরনের পোশাক ও শারীরিক গঠন দেখে মরদেহটি শনাক্ত করেন।

 

এ বিষয়ে আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনের রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন