বাংলাদেশ, জেলার সংবাদ

রাজশাহীতে পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু

রাজশাহী ব্যুরো

ডিবিসি নিউজ

সোমবার ২৯শে সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫৭:১১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজশাহীর গোদাগাড়ী ও পুঠিয়া উপজেলায় পৃথক পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯শে সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এই হৃদয়বিদারক ঘটনাগুলো ঘটে। এতে চার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

গোদাগাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত), মোয়াজ্জেম হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মাথাভাঙ্গা গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের রুহুল আমিনের দুই বছর বয়সী শিশুকন্যা কারিমা খাতুন এবং মো. রাব্বুলের ছেলে মো. রাফি।

 

প্রত্যক্ষদর্শীদের মতে, শিশু দুটি বাড়ির পাশের একটি ছোট পুকুরের ধারে খেলার সময় অসাবধানবশত পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। দ্রুত তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এই ঘটনায় গোদাগাড়ী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

 

অন্যদিকে, একই দিনে পুঠিয়া উপজেলায়ও পানিতে ডুবে আরও দুই শিশুর প্রাণহানি হয়। উপজেলার কানাইপাড়া গ্রামে রনি নামের এক ব্যক্তির তিন বছর বয়সী শিশুপুত্র রাশাদ সকালে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায়। পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

দুপুরে একই উপজেলার তেলিপাড়া গ্রামে আরেকটি দুর্ঘটনা ঘটে। শহিদুল ইসলামের আট বছর বয়সী ছেলে মুসা বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। পরে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন জানান, শিশু রাশাদের মৃত্যুর ঘটনায় পুঠিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে, মুসার মৃত্যুর খবরটি প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় আনুষ্ঠানিকভাবে আসেনি বলে তিনি উল্লেখ করেন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন