বিশিষ্ট শিক্ষাবিদ, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক সৈয়দ মনজুরুল ইসলামের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তার সহকর্মী, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ। আজ শনিবার (১১ই অক্টোবর) সকাল সাড়ে ১০টায় তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে আনা হলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অপরাজেয় বাংলায় কলা অনুষদের ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান, ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তাজিন আজিজ চৌধুরী, ইংরেজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, সংগীত বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান। এরপর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জোহর জানাজা শেষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম গতকাল (শুক্রবার) বিকেল ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
১৯৫১ সালের ১৮ জানুয়ারি সিলেটে জন্মগ্রহণকারী এই কৃতি শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অধ্যাপনা করেছেন এবং অবসরের পর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) যোগ দেন।
প্রবন্ধ, গল্প ও উপন্যাসের মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন সৈয়দ মনজুরুল ইসলাম। তার ‘প্রেম ও প্রার্থনার গল্প’ গ্রন্থটি ২০০৫ সালে প্রথম আলো বর্ষসেরা বইয়ের পুরস্কার লাভ করে। সাহিত্যকর্মে অসামান্য অবদানের জন্য তিনি ১৯৯৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং ২০১৮ সালে একুশে পদকে ভূষিত হন।
ডিবিসি/পিআরএএন