বাংলাদেশ, রাজনীতি

একদিকে হাসিনার রায়, অন্যদিকে মবক্রেসি, কিসের আলামত জানি না: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বুধবার ১৯শে নভেম্বর ২০২৫ ০৮:২৬:৪৭ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে, দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত হতাশাজনক। তিনি আশঙ্কা প্রকাশ করেন, একদিকে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের রায় দেওয়া হচ্ছে, অন্যদিকে দেশে ‘মবক্রেসি ভায়োলেন্স’ বা জননিয়ন্ত্রিত সহিংসতা চলছে। এই দুটি পরস্পরবিরোধী ঘটনা কিসের আলামত, সে বিষয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন।

বুধবার (১৯শে নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘চব্বিশের গণ-অভ্যুত্থানে বিএনপি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, রায়টির গুরুত্ব কমিয়ে আনার জন্যই একটা বিশেষ মহল সচেতনতা, ধূর্ততা ও চালাকির সঙ্গে বিশ্বদৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য এই ধরনের কাজগুলো করছে। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো মহল দেশে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা উচিত।

 

দেশের দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংকটের মূল কারণ হিসেবে গণতন্ত্রের বাস্তব চর্চার অভাবকে চিহ্নিত করেন বিএনপির মহাসচিব। তিনি গণতন্ত্রের মূলনীতির ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, ‘আমি তোমার সঙ্গে একমত না হতে পারি, কিন্তু তোমার মতপ্রকাশের স্বাধীনতাকে আমি আমার জীবন দিয়ে হলেও রক্ষা করব।’ তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে, আমাদের দেশে অনেকে অন্যের মতকে সহ্য করতে প্রস্তুত নন।

 

মির্জা ফখরুল বর্তমান সময়কে একটি 'ট্রানজিশনাল পিরিয়ড' বা দোলাচল হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, নির্বাচনের সময় ঘোষণা হয়েছে এবং শিডিউল হওয়ার আশা রয়েছে। তবে নির্বাচনই সবকিছুর শেষ নয়, বরং নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলা এবং প্রকৃত গণতন্ত্রে ফিরে যাওয়াই সবচেয়ে বড় লক্ষ্য হওয়া উচিত। একটি টেকসই রাষ্ট্র গড়তে হলে দেশের বিচার বিভাগ, সংসদ, গণমাধ্যম এবং প্রশাসনকে অবশ্যই স্বাধীন ও শক্তিশালী করা প্রয়োজন বলে তিনি মনে করেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন