বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর শাহিন মাহমুদের বিরুদ্ধে করা মামলার আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০শে নভেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক সাইদুর রহমান গাজী এই আদেশ প্রদান করেন। সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, বুধবার (১৯শে নভেম্বর) একই আদালতে এই মামলার আবেদনটি করেছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সাধারণ সম্পাদক ইলতুৎমিশ সওদাগর ও তার সহকারীরা। আদালত তখন বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশটি অপেক্ষমাণ রেখেছিলেন, যা আজ খারিজ হলো।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ১২ই নভেম্বর এক ভার্চুয়াল সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছিলেন, বর্তমান পরিস্থিতিতে গণভোটের চাইতে আলুর ন্যায্যমূল্য পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই বক্তব্যের প্রেক্ষিতে গত ১৫ই নভেম্বর কনটেন্ট ক্রিয়েটর শাহিন মাহমুদ তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি পোস্ট করেন। পোস্টে তিনি লিখেন, ৮৮ কোটি টাকা দিয়ে বুলেট প্রুফ গাড়ি না কিনে ওই টাকা কৃষকদের দিলে পেঁয়াজ, আলুর ন্যায্য দাম পেত।
বাদীপক্ষের আইনজীবীদের দাবি, আসামির উল্লিখিত ৮৮ কোটি টাকার বিনিময়ে কোনো বিলাসবহুল বুলেট প্রুফ গাড়ি কেনা হয়নি। এই মিথ্যা তথ্যের মাধ্যমে আসামি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের গৌরব, সম্মান, দেশপ্রেম এবং রাজনৈতিক দূরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা করেছেন।
অভিযোগে আরও বলা হয়, জাতীয় নির্বাচনের আগে তারেক রহমানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অসৎ উদ্দেশ্যেই আসামি এই অপরাধমূলক কর্মকাণ্ড ঘটিয়েছেন। আইনজীবীরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছিলেন। তবে বিচারক অভিযোগ ও জবানবন্দি পর্যালোচনা শেষে মামলার আবেদনটি গ্রহণ না করে খারিজ করে দেন।
ডিবিসি/এএমটি