দীর্ঘ ৩৫ বছরের বিরতি ভেঙে অবশেষে ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে কোনো ইউরোপীয় বিমান। মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) ইরাকের পরিবহন মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, গ্রিসের এজিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট বাগদাদে অবতরণ করেছে, যা গত সাড়ে তিন দশকের মধ্যে এই বিমানবন্দরে নামা প্রথম ইউরোপীয় যাত্রীবাহী বিমান।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিকভাবে বাগদাদ-এথেন্স-বাগদাদ রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করা হবে। তবে যাত্রীদের চাহিদার ওপর ভিত্তি করে ভবিষ্যতে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এক বিবৃতিতে ইরাকের পরিবহন মন্ত্রণালয় উল্লেখ করেছে, এই ফ্লাইটের আগমন "ইউরোপীয় এভিয়েশন মানচিত্রে ইরাকের প্রত্যাবর্তন" এবং "ইরাকের বিমান পরিবহন খাতের পুনরুদ্ধারের একটি নতুন অধ্যায়"-এর সূচনা করেছে।
নিরাপত্তাজনিত কারণে নব্বইয়ের দশকের শুরু থেকেই ইউরোপীয় এয়ারলাইন্সগুলো বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট পরিচালনা বন্ধ রেখেছিল। মূলত ইরাকের তৎকালীন শাসক সাদ্দাম হোসেন প্রতিবেশী কুয়েতে আগ্রাসন চালানোর পর থেকেই এই অচলাবস্থা তৈরি হয়। পরবর্তীতে ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসনে সাদ্দাম হোসেনের পতন ঘটে এবং দেশটি গৃহযুদ্ধ, সাম্প্রদায়িক সহিংসতা ও সশস্ত্র জিহাদি গোষ্ঠীগুলোর উত্থানের মধ্য দিয়ে দীর্ঘ অস্থিরতার কবলে পড়ে।
সূত্র: খালিজ টাইমস
ডিবিসি/পিআরএএন