সৌদি আরবের পবিত্র মক্কায় কাবা শরিফের ওপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক ব্যক্তি। এ সময় তাকে বাঁচাতে গিয়ে নিচে থাকা এক নিরাপত্তারক্ষী গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২৫শে ডিসেম্বর) এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
সৌদি প্রেস এজেন্সি ও সংবাদমাধ্যম সিয়াসাতের তথ্যমতে, ওই ব্যক্তি কাবার তাওয়াফ বা প্রদক্ষিণের জন্য তৈরি করা ওপরের কাঠামো থেকে নিচে লাফ দেন। তাৎক্ষণিকভাবে নিচে থাকা নিরাপত্তারক্ষী তাকে লুফে নেওয়ার চেষ্টা করেন। এতে ওই রক্ষী নিজেও গুরুতর আঘাত পান।
সৌদির জননিরাপত্তা বিষয়ক অধিদপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ঘটনার একটি ভিডিও প্রকাশ করে জানিয়েছে, নিরাপত্তারক্ষীরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অন্য দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করেন।
কাবার নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আত্মহত্যার চেষ্টাকারী ব্যক্তি এবং তাকে বাঁচাতে গিয়ে আহত হওয়া নিরাপত্তারক্ষী উভয়কেই চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয় বা নাগরিকত্ব সম্পর্কে এখনও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
উল্লেখ্য, পবিত্র কাবা শরিফে এর আগেও এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তথ্যানুযায়ী, ২০২৪ সালে এক ব্যক্তি এখানে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। এছাড়া ২০১৮ সালে তিনজন এবং ২০১৭ সালে এক সৌদি নাগরিক আত্মহত্যার চেষ্টা চালিয়েছিলেন।
সূত্র: সিয়াসাত
ডিবিসি/এনএসএফ