বাংলাদেশ, জেলার সংবাদ

গোপালগঞ্জে টাকার জন্য বাবা-মাকে জ্যান্ত কবর দেয়ার চেষ্টা, ২ ছেলে গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ১৪ই জানুয়ারী ২০২৬ ০১:৩৪:৪০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকার লোভে নিজেদের বাবা-মাকে মারধর করে বাড়ির উঠানেই জ্যান্ত কবর দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। লোমহর্ষক এ ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এই নৃশংস ঘটনাটি ঘটে। অভিযুক্তরা হলেন-রাসেল মোল্লা ও রানা মোল্লা। তারা ওই গ্রামের বাসিন্দা সত্তার মোল্লা ও আসমা বেগম দম্পতির বড় ও মেঝো ছেলে।

 

ভুক্তভোগী বাবা সত্তার মোল্লা জানান, সম্প্রতি জমি বিক্রির টাকা ছেলেদের দিতে রাজি না হওয়ায় গত রোববার (১১ জানুয়ারি) রাসেল ও রানা তাদের বাবা-মায়ের ওপর চড়াও হয়। মারধরের একপর্যায়ে দুই ছেলে মিলে বাড়ির উঠানে একটি গর্ত (কবর) খুঁড়ে তাদের সেখানে জ্যান্ত পুতে ফেলার চেষ্টা করে। এসময় বৃদ্ধ দম্পতির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে তারা প্রাণে রক্ষা পান।

 

কান্নাজড়িত কণ্ঠে মা আসমা বেগম বলেন, যে সন্তানদের কষ্ট করে বড় করেছি, তারাই আজ আমাদের খেতে দেয় না। সরকারের দেওয়া একটি ঘরে আমরা কোনোমতে থাকি। শুধু টাকার জন্য নিজের সন্তানরা আমাদের মারধর করে জ্যান্ত কবর দিতে চেয়েছিল।

 

ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী আক্কাস ভূঁইয়া বলেন, ছেলেরা বাবা-মাকে মাটি চাপা দেওয়ার জন্য কবর খুঁড়ছে শুনে আমি দ্রুত সেখানে যাই। গিয়ে দেখি আসলেও বাড়ির উঠানে বড় গর্ত করা হয়েছে। প্রতিবেশীদের অভিযোগ, অভিযুক্ত দুই ছেলে দীর্ঘদিন ধরেই সম্পত্তির লোভে বৃদ্ধ বাবা-মায়ের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল।

 

এ ঘটনায় গত সোমবার (১২ জানুয়ারি) বাবা সত্তার মোল্লা বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে রাসেল ও রানাকে গ্রেপ্তার করে।

 

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন