ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক পদ থেকে মোহাম্মদ এজাজকে অপসারণ করেছে সরকার। তার স্থলে নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান।
সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই রদবদলের বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আক্তার জাহান তার বর্তমান দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব পালন করবেন। এই সময়ে তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ এবং সংশ্লিষ্ট সুযোগ-সুবিধা ভোগ করবেন। তবে বিধি অনুযায়ী তিনি শুধুমাত্র ‘দায়িত্ব ভাতা’ প্রাপ্য হবেন।
এর আগে, গত বছরের ১২ ফেব্রুয়ারি রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মোহাম্মদ এজাজকে ডিএনসিসির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে। এই ঘটনার কয়েক দিনের মাথায় তাকে প্রশাসকের পদ থেকে সরিয়ে দেওয়া হলো।
এই আদেশের মাধ্যমে ডিএনসিসির প্রশাসনিক কার্যক্রমে নতুন নেতৃত্ব নিশ্চিত করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ডিবিসি/এনএসএফ