ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীর তীরবর্তী ‘এমপি টিলা’ এলাকা থেকে আমীর হোসেন (৪২) নামে এক সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেন। নিহত আমীর হোসেন নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আমীর হোসেনের পৈতৃক নিবাস রায়পুরার চরমধুয়া ইউনিয়নের গাজীপুর গ্রামে হলেও তিনি শৈশব থেকেই বাঁশগাড়ী ইউনিয়নের দিগল্যাকান্দি গ্রামে মামার বাড়িতে বসবাস করতেন। বুধবার দিবাগত রাতে উপজেলার ধরাভাঙ্গা এলাকার মেঘনা নদীর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
সলিমগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুনীল চন্দ্র সূত্রধর জানান, মরদেহের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের ধরণ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।
ঘটনার বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে পার্শ্ববর্তী জেলা থেকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে এখানে নিয়ে আসে এবং হত্যার পর মরদেহ এমপি টিলা এলাকায় ফেলে রেখে যায়। নিহতের মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।
ডিবিসি/এএমটি