আন্তর্জাতিক

ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা!

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৯ই মার্চ ২০২৬ ০৩:৫২:১৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযান দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর বহুমুখী রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ তীব্রতর হচ্ছে। বিপুল সামরিক ব্যয়, বিশ্বজুড়ে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি এবং জনমতের নেতিবাচক প্রতিক্রিয়ার কারণে এই যুদ্ধ ট্রাম্প প্রশাসনের জন্য এক বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সামনেই মধ্যবর্তী নির্বাচন থাকায় কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে রয়েছেন তিনি। জনমত জরিপগুলোও বলছে, সাধারণ ভোটারদের কাছে এই যুদ্ধ একেবারেই জনপ্রিয় নয়।

এই যুদ্ধের সরাসরি প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রের স্থানীয় অর্থনীতিতে, যা সাধারণ মানুষের কাছে 'জাম্প অ্যাট দ্য পাম্পস' নামে পরিচিতি পাচ্ছে। সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউস থেকে মাত্র কয়েক মাইল দূরে ভার্জিনিয়ার আরলিংটনে অবস্থিত লিবার্টি গ্যাস স্টেশনে গত এক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই জ্বালানির দাম বাড়ছে। স্টেশনের ৫৬ বছর বয়সী কর্মী ইয়াম সিতৌলা জানান, ইরানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পর থেকে তার বস প্রায় প্রতিদিনই সাইনবোর্ডে তেলের দাম হালনাগাদ করতে বলছেন। প্রতিদিন গড়ে ১০ সেন্ট করে দাম বাড়ছে এবং ক্রেতাদের উদ্বেগের মধ্যেই আগামী এক সপ্তাহের মধ্যে এই দাম আরও দেড় ডলার পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে যখন গত সোমবার ইরানের রেভল্যুশনারি গার্ডস বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল পরিবহনের গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ 'হরমুজ প্রণালি' বন্ধ ঘোষণা করে। তারা কড়া হুঁশিয়ারি দিয়েছে যে, কোনো জাহাজ এই পথ ব্যবহারের চেষ্টা করলে তা আগুনে পুড়িয়ে দেওয়া হবে। এর পাশাপাশি, সপ্তাহান্তে ইরানের জ্বালানি স্থাপনাগুলোতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের নজিরবিহীন হামলার কারণে তেহরানের আকাশে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে, যা বিশ্ববাজারকে চরম অস্থির করে তুলেছে এবং হোয়াইট হাউসের ওপর চাপ আরও বাড়িয়েছে।

 

উপসাগরীয় যুদ্ধের পর মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই সামরিক মোতায়েনে প্রতিদিন যে বিপুল অর্থ ব্যয় হচ্ছে, তার মোট পরিমাণ প্রায় ১০০ বিলিয়ন ডলার ছুঁতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই বিপুল পরিমাণ ব্যয় এখন স্বয়ং ট্রাম্পের কট্টর 'মাগা' (MAGA) সমর্থকদের একাংশের মধ্যেও ক্ষোভের সৃষ্টি করেছে, কারণ তারা এটিকে ট্রাম্পের চিরাচরিত 'আমেরিকা ফার্স্ট' ও বিচ্ছিন্নতাবাদী নীতির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছেন।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন