ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদ ভবনে নবগঠিত সংসদের প্রথম অধিবেশনে তাদের নাম প্রস্তাব করা হলে উপস্থিত সংসদ সদস্যরা তাতে সর্বসম্মতভাবে সমর্থন জানান।
এদিন স্পিকারের আসন শূন্য রেখেই ত্রয়োদশ সংসদের ঐতিহাসিক প্রথম অধিবেশনের সূচনা হয়। অধিবেশনের শুরুতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবে এবং সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমর্থনে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অস্থায়ীভাবে সংসদে সভাপতিত্ব করার দায়িত্ব গ্রহণ করেন। তার সভাপতিত্বেই মূলত নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অধিবেশনের প্রথম ভাগে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী স্বাগত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি তার বক্তব্যে দেশে সংঘটিত গণঅভ্যুত্থানে জড়িত সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। দীর্ঘ সময় পর দেশে পুনরায় গণতান্ত্রিক ও সংসদীয় রাজনীতির ধারা চালু হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, দেশে আবারও সংসদীয় রাজনীতির সূচনা হলো, আলহামদুলিল্লাহ।
ডিবিসি/পিআরএএন