জেলার সংবাদ

রামপালে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

বাগেরহাট প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ১৩ই মার্চ ২০২৬ ০৮:২৬:৫৯ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাগেরহাটের রামপালে নৌবাহিনীর স্টাফ বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নারী ও শিশুসহ ১৪ জন নিহতের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন এ তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে আগামী ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গঠিত কমিটির প্রধান করা হয়েছে বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মেজবাহ উদ্দীনকে। কমিটির অন্য সদস্যরা হলেন— মোংলা ও রামপাল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর একজন পরিদর্শক।

 

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন জানান, খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় সংঘটিত এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানের জন্য জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও বিআরটিএর সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

তিনি আরও বলেন, দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে এবং কারো অবহেলা রয়েছে কি না, এসব বিষয় খতিয়ে দেখে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনে কারো অবহেলা প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

উল্লেখ্য, গত বুধবার রাতে খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকসা গ্রামের বাসিন্দা আবদুস সালাম মোড়লের মেয়ে মার্জিয়া আক্তারের (মিতু) সঙ্গে বিয়ে হয় মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রাজ্জাকের ছোট ছেলে আহাদুর রহমানের (ছাব্বির)। 

 

কনের বাড়িতে বিয়ের পর বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে নববধূসহ কয়রা থেকে বাগেরহাটের মোংলার বাড়ির উদ্দেশে রওনা হন বরযাত্রীরা। বর-কনেসহ দুই পরিবারের ১৪ জন ওঠেন একটি মাইক্রোবাসে। তাঁদের বহনকারী মাইক্রোবাসটি মোংলার কাছাকাছি রামপাল উপজেলার বেলাইবিজ এলাকায় বিপরীত দিক দিয়ে আসা নৌবাহিনীর বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ ১৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৪টিই শিশু। তাদের মধ্যে দুই শিশুর বয়স দুই বছরের কম। নিহত হয়েছেন তাদের মায়েরাও। আহত একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন