নরসিংদী শহরের তরোয়া এলাকায় অনুমোদনহীন এক বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতালটিকে বৈধ কাগজপত্র না থাকায় সিলগালা করা হয়।
শনিবার (২৮ মার্চ) দুপুরে নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা যায়, কোনো বৈধ অনুমোদন না থাকায় নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতালটিকে সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়। অন্যদিকে ইবনে সিনা প্রাইভেট জেনারেল হাসপাতালেও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশ, ল্যাবে অব্যবস্থাপনা এবং ডিউটি ডাক্তারের অনুপস্থিতির প্রমাণ পাওয়ায় ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা জানান, জনস্বার্থে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। জেলার স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়নে সিভিল সার্জন কার্যালয়ের সাথে সমন্বয় করে পর্যায়ক্রমে জেলার অন্যান্য হাসপাতাল ও ক্লিনিকেও এই অভিযান চালানো হবে।
ডিবিসি/এসএফএল