আন্তর্জাতিক

প্রস্তর যুগে ইরান নয়, মার্কিন সৈন্যরাই কবরের পথে: আইআরজিসি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২রা এপ্রিল ২০২৬ ০৫:২৯:৩৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মজিদ মুসাভি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ইরান নয়, বরং মার্কিন বাহিনীই বর্তমানে চরম বিপদের মুখে রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় জেনারেল মুসাভি বলেন, যুক্তরাষ্ট্র ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার যে হুমকি দিচ্ছে তা হাস্যকর। বাস্তবতা হলো, ওয়াশিংটন নিজেরাই তাদের সৈন্যদের কবরের দিকে ঠেলে দিচ্ছে।


মার্কিন নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, মার্কিন নীতিনির্ধারকরা বর্তমানে হলিউডি ফ্যান্টাসি বা কাল্পনিক জগত দ্বারা প্রভাবিত। তিনি উল্লেখ করেন, মাত্র ২৫০ বছরের ইতিহাস সমৃদ্ধ একটি দেশ হয়ে তারা ৬ হাজার বছরেরও বেশি পুরনো একটি প্রাচীন সভ্যতাকে ধ্বংসের হুমকি দিচ্ছে, যা তাদের অপরিণামদর্শিতারই বহিঃপ্রকাশ।


গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনিসহ বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা ও বেসামরিক নাগরিককে গুপ্তহত্যার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। এই হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী ইরানের ওপর ব্যাপক সামরিক অভিযান শুরু করে।


ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় চালানো এসব বিমান হামলায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর জবাবে ইরানি সশস্ত্র বাহিনীও পাল্টা অপারেশন শুরু করেছে। তারা অধিকৃত ভূখণ্ডে থাকা ইসরায়েলি অবস্থান এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে কয়েক দফায় ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে।


জেনারেল মুসাভির এই কড়া বার্তা মূলত চলমান সংঘাতের মধ্যে মার্কিন হুমকির বিপরীতে ইরানের শক্ত অবস্থানেরই প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।


সূত্র: তাসনিম নিউজ


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন