বাংলাদেশ, জেলার সংবাদ

ঢাকায় অপহরণের ৪ দিন পর হবিগঞ্জ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ৫ই মে ২০২৬ ০১:৪৭:৩৩ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রাজধানীর উত্তরখান এলাকা থেকে অপহৃত শিক্ষার্থী মো. ফরহাদ হোসেন ওরফে মাহিরের (২৩) অর্ধগলিত মরদেহ চারদিন পর হবিগঞ্জের মাধবপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১ মে) সকালে মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের একটি ঝোপ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মাহির উত্তরখান এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে এবং একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরা শাখার শিক্ষার্থী ছিলেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩০ এপ্রিল বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হন মাহির। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হলে তদন্তে নামে পুলিশ। পরবর্তীকালে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মৃদুল সরকার (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

 

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত মৃদুল জানায়, নিখোঁজের দিন সন্ধ্যায় মাহিরকে কৌশলে আফতাবনগরের একটি বাসায় নিয়ে গিয়ে পূর্বপরিকল্পিতভাবে নির্যাতন ও হত্যা করা হয়। পরে গত ১ মে লাশটি গুমের উদ্দেশ্যে নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়া হয়ে হবিগঞ্জের মাধবপুর এলাকায় ফেলে আসা হয়। মৃদুলের দেওয়া তথ্যের ভিত্তিতেই মঙ্গলবার সকালে পুলিশ ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়।

 

হত্যাকাণ্ডের কারণ হিসেবে ব্যক্তিগত দ্বন্দ্ব ও পরকীয়া সম্পর্কের বিষয়টি প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন