বাংলাদেশ, জেলার সংবাদ

নারায়ণগঞ্জে 'ট্রাম্পের' মতো দেখতে কোরবানির মহিষ!

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১২ই মে ২০২৬ ০৯:২১:০৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জের একটি খামারে প্রায় ৭০০ কেজি ওজনের অ্যালবিনো প্রজাতির একটি গোলাপি রঙের মহিষ এখন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মাথার ওপর সোনালি চুলের কারণে মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। কোরবানির ঈদকে সামনে রেখে ব্যতিক্রমী এই মহিষটিকে দেখতে খামারে দর্শনার্থীদের ভিড় বহুগুণ বেড়েছে।

সরেজমিনে নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়া এলাকায় অবস্থিত রাবেয়া অ্যাগ্রো ফার্মে গিয়ে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। অনেকেই মহিষটির ছবি তুলছেন, আবার কেউ কেউ ছুঁয়েও দেখছেন। মার্কিন প্রেসিডেন্টের নামে মহিষের নামকরণ করা হলেও এটি স্বভাবগতভাবে বেশ শান্তশিষ্ট।

 

ফার্মের মালিক জিয়া উদ্দিন মৃধা জানান, প্রায় ১০ মাস আগে রাজশাহীর একটি হাট থেকে মহিষটি কিনে আনা হয়। মাথার চুল দেখে তার ছোট ভাই রসিকতা করে এর নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানান, অ্যালবিনো জাতের মহিষগুলো সাধারণত শান্তশিষ্টই হয়ে থাকে। ইতোমধ্যে মহিষটি লাইভ ওয়েট বা জীবন্ত ওজনে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হয়ে গেছে। আগামী সপ্তাহে এটি ক্রেতার কাছে হস্তান্তর করা হবে।

 

সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে প্রতিদিনই মহিষটিকে দেখতে খামারটিতে নানা বয়সী মানুষ ভিড় করছেন। দর্শনার্থীরা জানান, মহিষটির চেহারা ও মাথার চুল দেখতে অনেকটাই ডোনাল্ড ট্রাম্পের মতো হওয়ায় নামের সাথে বেশ মানিয়েছে।

 

খামারের পরিচর্যাকারী কাউসার জানান, ‘ডোনাল্ড ট্রাম্প’কে বিশেষ যত্নে রাখা হয়। দিনে চারবার গোসল করানোর পাশাপাশি খাবার হিসেবে ভুট্টা, খৈল, ভুসি, ধানের কুঁড়া ও ঘাস দেওয়া হচ্ছে।

 

রাবেয়া অ্যাগ্রো ফার্ম কর্তৃপক্ষ জানিয়েছে, এবার কোরবানির জন্য তাদের অন্তত ২০০টি পশু প্রস্তুত করা হয়েছিল। ইতোমধ্যে এর প্রায় সবগুলোই বুকিং হয়ে গেছে এবং আগামী সপ্তাহ থেকে এসব পশু মালিকদের কাছে সরবরাহ শুরু হবে।
 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন