রাশিয়ায় ইরান দূতাবাসের কৌতুকপূর্ণ পোস্ট

ট্রাম্পের সঙ্গে তুলনা করা বাংলাদেশি মহিষটি ‘বিরক্ত’

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২৩শে মে ২০২৬ ০৫:২০:৪২ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করা বাংলাদেশের একটি মহিষ বিরক্ত বলে রসাত্মক মন্তব্য করেছে রাশিয়ায় অবস্থিত ইরান দূতাবাস। নারায়ণগঞ্জের একটি খামারে বেড়ে ওঠা ৭০০ কেজি ওজনের বিরল প্রজাতির এই ‘অ্যালবিনো’ মহিষটির নাম রাখা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। দেশি-বিদেশি সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর এবার মহিষটিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন প্রতিক্রিয়া দেখাল ইরান।

শুক্রবার (২২ মে) রাশিয়ায় অবস্থিত ইরান দূতাবাস তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে মহিষটির একটি ভিডিও শেয়ার করে। ভিডিওটির ক্যাপশনে তারা লিখেছে, ‘বেচারা! ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা করায় বাংলাদেশি মহিষটি বিরক্ত বোধ করছে।’

 

ইরান দূতাবাসের শেয়ার করা ভিডিওটি মূলত রুশ আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘আরটি’ (রাশিয়া টুডে)-র তৈরি। ভিডিওটির সঙ্গে আরটি-র মূল শিরোনামটিও যুক্ত করে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, ট্রাম্পের মতো দেখতে একটি বাংলাদেশি মহিষকে দেখতে খামারে বহু মানুষ ভিড় করছেন এবং অতিরিক্ত এই ভিড়ের কারণে মহিষটি তার খাওয়ার রুচি হারিয়ে ফেলেছে।

 

খামার সূত্রে জানা যায়, সোনালি আভার চুল আর ভিন্নধর্মী দৈহিক গঠনের কারণে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চুলের রঙের সঙ্গে মিল থাকায় শখ করে মহিষটির নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড ট্রাম্প’। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে এটি দ্রুত ভাইরাল হয়। বিশাল আকৃতির এই মহিষটিকে একনজর দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ নারায়ণগঞ্জের ওই খামারে ভিড় করছেন, যার ফলে বিরক্ত হয়ে মহিষটি স্বাভাবিক খাওয়া-দাওয়া কমিয়ে দিয়েছে।
 

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন