জেলার সংবাদ

বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যা, পুকুর থেকে মরদেহ উদ্ধার

বরিশাল ব্যুরো

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পূর্ববিরোধের জেরে সুমন সিকদার (৩৮) নামের এক ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সুমন সিকদার ওই গ্রামের মৃত আদম আলী সিকদারের ছেলে।

 

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির সামনে স্থানীয় রিগ্যান হাওলাদারের সঙ্গে সুমনের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে রিগ্যান ও তাঁর সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে সুমনের ওপর হামলা চালান। হামলায় তাঁর মাথা, হাত ও পাসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে হামলাকারীরা তাঁকে রক্তাক্ত অবস্থায় বাড়ির পাশের একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যায়।

 

নিহতের মা মনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, হামলার ঘটনায় ৮ থেকে ১০ জন জড়িত ছিল। অপরদিকে নিহতের ছেলে তানভীর সিকদার ও স্থানীয়দের দাবি, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মনা তালুকদারের সঙ্গে তাঁদের পরিবারের দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধের জেরেও এই পরিকল্পিত হামলা ঘটে থাকতে পারে। ঘটনার পর থেকে অভিযুক্ত রিগ্যান হাওলাদার ও মনা তালুকদারসহ অন্যরা পলাতক থাকায় তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

 

খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে সুমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

 

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন