জেলার সংবাদ

নারায়ণগঞ্জ সদর উপজেলার দুই এসিল্যান্ড বদলি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা রাজস্ব সার্কেলের দুই সহকারী কমিশনারকে (ভূমি) বদলি করা হয়েছে। সম্প্রতি ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের পর কার্যালয়ে অনুপস্থিতি ও অনিয়মের বিষয় সামনে আসায় এই প্রশাসনিক রদবদল করা হলো।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাকিয়া সরওয়ার লিমা এই বদলির তথ্য নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার দেবযানী করকে খুলনায় এবং ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার অংমাচিং মারমাকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। এর মধ্যে অংমাচিং মারমা সময়মতো অফিসে না থাকায় এর আগে জেলা প্রশাসনের শোকজ পেয়েছিলেন। 

 

অন্যদিকে, দেবযানী কর ঘটনার দিন অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন এবং তার বদলি শাস্তিমূলক নয় বলে তিনি দাবি করেছেন। এছাড়া সদর উপজেলা সহকারী কমিশনার সাদিয়া আক্তারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি বর্তমানে একই পদে বহাল রয়েছেন।

 

গত ৩১ আগস্ট সকালে নারায়ণগঞ্জ নগরীর খানপুর এলাকায় অবস্থিত সদর উপজেলা ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। একই চত্বরে সদর উপজেলা সহকারী কমিশনার এবং ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের কার্যালয় অবস্থিত। সকাল ৯টার কয়েকমিনিট আগে কার্যালয়ে প্রবেশ করে প্রতিমন্ত্রী দেখেন যে, নির্দিষ্ট সময় পার হলেও বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত হননি। এ সময় হাজিরা খাতা পর্যবেক্ষণ করে তিনি দেখেন যে, উপস্থিত না থেকেও অনেকে খাতায় আগাম স্বাক্ষর করে রেখেছেন।

 

পরিদর্শনে কর্মকর্তা-কর্মচারীদের গড়হাজির ও অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিমন্ত্রী দোষীদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। এর পরপরই সদর, ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের দুই এসিল্যান্ডসহ মোট ১৮ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। 

 

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রায়হান কবির জানিয়েছেন, প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের এই ঘটনার পর ১৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ করা হয়েছে এবং এ সংক্রান্ত তদন্ত এখনো চলমান রয়েছে।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন