বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আরাফাত রহমান বাবু (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আসাদুল ইসলাম (৩১) নামের আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরাফাত রহমান বাবু আশোকাঠী গ্রামের বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন এবং বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাস করতেন। আহত আসাদুল ইসলামও একই গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী তাজবী পরিবহন-এর একটি বাস দক্ষিণ বিজয়পুর এলাকার স্পিড ব্রেকার অতিক্রম করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরাফাত রহমান বাবুকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় আহত আসাদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল দুটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
ডিবিসি/এমএনকে