জেলার সংবাদ

পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স মুখোমুখি সংঘর্ষে রোগীর মৃত্যু

পটুয়াখালী প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পটুয়াখালীতে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে শাকিল (২২) নামে এক রোগী নিহত হয়েছেন। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা ইউসুফ ও রুমা নামে আরও দুজন আহত হয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পটুয়াখালী শহরের পায়রা পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দরিবাহের চর এলাকার আবুল কালাম সরদারের ছেলে। তিনি টিউবওয়েল স্থাপনের কাজ করতেন।

 

শাকিলের মা হোসনেয়ারা বেগম জানান, শাকিল বিষপান করায় তাকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল।

 

অ্যাম্বুলেন্সে তার মা, চাচিসহ মোট ছয়জন ছিলেন। পায়রা পাম্পের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কুয়াকাটাগামী একটি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শাকিল গুরুতর আহত হন। পরে তাকে রক্তাক্ত অবস্থায় অ্যাম্বুলেন্স থেকে বের করে হাসপাতালে নেওয়া হয়।

 

পটুয়াখালী সদর হাসপাতালের চিকিৎসক ডা. জাকের হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই শাকিলের মৃত্যু হয়েছে।

 

অ্যাম্বুলেন্সে থাকা ব্যক্তিরা জানিয়েছেন, চিকিৎসার জন্য হাসপাতালে আনা হচ্ছিল। দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

 

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, চিকিৎসার জন্য আমখোলা থেকে শাকিলকে অ্যাম্বুলেন্সে করে পটুয়াখালী সদর হাসপাতালে নেওয়া হচ্ছিল। পথে বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হলে তিনি মারা যান। এ ঘটনায় ইউসুফ ও রুমা আহত হয়েছেন।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন