মানিকগঞ্জের ঘিওরে মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে মাসুম নামে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে বড়টিয়া ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনি আহম্মেদ ও তার ভাইদের বিরুদ্ধে।
শুক্রবার দুপুরে উপজেলার বড়টিয়া ইউনিয়নের শ্রীবাড়ি মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। আহত মাসুমকে আশঙ্কাজনক অবস্থায় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রনি আহম্মেদ ও তার দুই ভাই দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে মাদক বিক্রি করে আসছিলেন। এ কাজে মাসুমসহ কয়েকজন বাধা দেওয়ায় তাদের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জেরে শুক্রবার রনির বাড়ির সামনে মাসুমের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ।
মাসুমের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, হামলাকারীরা তাকে হাতুড়ি দিয়ে পেটান। এতে তার মাথা ও কোমরে গুরুতর আঘাত লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে ক্ষুব্ধ লোকজন রনি আহম্মেদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘিওর থানা-পুলিশ জানায়, মারধরের ঘটনায় রনির বাবা আবুল হোসেন, মা পারুল বেগম ও স্ত্রী ফাতেমা বেগমকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ঘিওর থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মারধর, মাদক বিক্রির অভিযোগ এবং পরবর্তী ভাঙচুরের ঘটনাও তদন্ত করা হচ্ছে।
ডিবিসি/এসএফএল