নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাড়িয়াগাছী গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে মামা-ভাগিনে। নিহতরা হলো হাড়িয়াগাছী গ্রামের মতিনের ছেলে নূর নবী (৭) এবং যমুনী গ্রামের রিমনের ছেলে ইব্রাহিম (৫)।
স্থানীয় দুবলহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিছুর রহমান জানান, শিশু ইব্রাহিম হাড়িয়াগাছী গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার বিকেলে সে তার সমবয়সী মামা নূর নবীর সঙ্গে বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে নূর নবীর বাবা মতিন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের একটি ডোবায় শিশু দুটির মরদেহ ভেসে থাকতে দেখে তা উদ্ধার করা হয়।
তবে এ ঘটনার বিষয়ে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, পুলিশের কাছে এখনও এ সংক্রান্ত কোনো তথ্য আসেনি।
ডিবিসি/আরএসএল