ময়মনসিংহের মুক্তাগাছায় ফরহাদ হোসেন নামে এক যুবককে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে মুক্তাগাছা পৌর শহরের মধ্যহিস্যা এলাকায় নিজ বাড়ির পাশে এ ঘটনা ঘটে। গুরুতর দগ্ধ ফরহাদ চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মারা যান।
নিহতের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ফরহাদের বাড়ির পাশের একটি পুরোনো রাজবাড়িতে কয়েকজন মাদকসেবী মাদক সেবন করতেন। মাদক সেবনে বাধা দেওয়ায় তাদের সঙ্গে ফরহাদের বিরোধ হয়। এর জের ধরে তাকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে অভিযোগ স্বজনদের।
এছাড়া বাসার ভাড়াটিয়ার সঙ্গে পূর্বশত্রুতার জেরেও ফরহাদকে হত্যা করা হতে পারে বলে সন্দেহ করছেন তারা। তবে স্বজনদের এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।
স্থানীয়রা জানান, বুধবার রাত ১০টার দিকে ফরহাদের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম জানান, শুক্রবার বিকেল পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
ডিবিসি/এসডব্লিউএন