আন্তর্জাতিক, এশিয়া

ড্রোন হামলার আশঙ্কায় মিয়ানমারের মান্দালয় বিমানবন্দরে ফ্লাইট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মিয়ানমারের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর মান্দালয়ের তাদা-উ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম বন্ধ করা হয়েছে। দেশটির সামরিক-সমর্থিত সরকার অভিযোগ করেছে, বিদ্রোহী গোষ্ঠীগুলো ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে।

মিয়ানমার এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার রাতে ফেসবুকে জানায়, ১১ ও ১২ সেপ্টেম্বর তাদা-উ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। একই সঙ্গে ‘অপারেশনাল কারণে’ অভ্যন্তরীণ ফ্লাইটগুলো পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিকটবর্তী একটি বিমানবন্দরে স্থানান্তর করা হচ্ছে।


রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের দাবি, নিরাপত্তা বাহিনী বিমানবন্দরে পিপলস ডিফেন্স ফোর্সের একটি হামলার চেষ্টা ব্যর্থ করেছে। তাদের ভাষ্য অনুযায়ী, গণতন্ত্রপন্থী বিদ্রোহী গোষ্ঠীটি বিমানবন্দর লক্ষ্য করে ছয়টি ‘আত্মঘাতী ড্রোন’ ছোড়ে।


প্রতিবেদনে বলা হয়, হামলায় সাময়িকভাবে কয়েকটি অভ্যন্তরীণ ফ্লাইট ব্যাহত হলেও কোনো হতাহত হয়নি এবং যানবাহন বা রানওয়েরও ক্ষতি হয়নি। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রতিরোধ বাহিনীর লক্ষ্য ছিল বিমানবন্দরে থাকা সামরিক যুদ্ধবিমান। তবে এ তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।


২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাতের পর থেকেই মিয়ানমারে সংঘাত চলছে। সামরিক বাহিনী ও বিভিন্ন জাতিগত এবং গণতন্ত্রপন্থী সশস্ত্র গোষ্ঠীর লড়াই এখন গৃহযুদ্ধে রূপ নিয়েছে। চলমান যুদ্ধে সরকার ও বিদ্রোহী-উভয় পক্ষই ড্রোন ব্যবহার করছে। ACLED-এর তথ্য অনুযায়ী, এ সংঘাতে এখন পর্যন্ত এক লাখের বেশি মানুষ নিহত হয়েছে।


সূত্র: আল জাজিরা


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন