সারা বাংলা

নাটোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত, আহত ১

পরিতোষ অধিকারী, নাটোর প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ১১ই সেপ্টেম্বর ২০২৬ ০৯:২০:২৮ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কের বন্দর-আমতলা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম (৪০) নামের এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। এই ঘটনায় সাফায়েত (২২) নামের অপর এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহুরুল ইসলাম সিংড়া উপজেলার কালিগঞ্জ বড়বাড়ি গ্রামের তায়েজ উদ্দিন প্রামানিকের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। আহত সাফায়েত নাটোর সদর উপজেলার সাতপুরুলিয়া গ্রামের মো. ফেরদৌসের ছেলে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাফায়েত হাসপাতালে চিকিৎসাধীন বোনকে দেখতে মোটরসাইকেলে করে নাটোর যাচ্ছিলেন। অন্যদিকে জহুরুল নাটোর শহর থেকে মোটরসাইকেলে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে আমতলা এলাকায় পৌঁছালে দুটি দ্রুতগতির মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই জহুরুলের মৃত্যু হয়।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জহুরুলকে মৃত ঘোষণা করেন। আহত সাফায়েতের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) স্থানান্তর করা হয়।

 

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন